কানাডায় ৬ মাসে ৩,৩২৩ ভারতীয় নাগরিক বহিষ্কার

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

চলতি বছরের প্রথম ছয় মাসে কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পুরো সময়ে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশের সমান এই সংখ্যা।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটি থেকে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছিল। চলতি বছরের প্রথমার্ধেই সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কানাডা বর্তমানে অভিবাসন ব্যবস্থায় কঠোরতা বাড়াচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্থায়ী বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিবাসন নীতি লঙ্ঘন, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ভিসা জালিয়াতির মতো বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকদের বহিষ্কার করা হচ্ছে।

২০২৬ সালের প্রথম ছয় মাসে বহিষ্কারের সংখ্যায় ভারতীয় নাগরিকরা সবচেয়ে বড় জাতীয়তা হিসেবে উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটির ১ হাজার ৫৭৩ নাগরিককে এ সময়ে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে টানা পাঁচ বছর মেক্সিকোর নাগরিকরাই এই তালিকার শীর্ষে ছিল।

সিবিএসএর তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডা থেকে বহিষ্কারের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদের মধ্যেও ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বর্তমানে বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন।

চলতি বছর কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয় নাগরিকের সংখ্যারও আড়াই গুণের বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ জুলাই পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।