দুর্যোগকালে সমন্বিতভাবে জনগণকে তথ্য দিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তথ্য অধিদফতরের (পিআইডি) ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, জনগণের কাছে সরকারের কর্মকাণ্ড, উন্নয়ন ও সেবার তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্যোগের সময় জনসচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং সরকারি কর্মসূচি সম্পর্কে অবহিত করতে পিআইডিকে সার্বক্ষণিক তৎপর থাকতে হবে।

শনিবার চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পিআইডির কাজের পরিধি প্রত্যাশার চেয়েও অনেক বিস্তৃত। তবে জনবল সংকটের কারণে অনেক ক্ষেত্রে কাজের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। পিআইডির জনবল সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে বিদ্যমান জনবল ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতার সুযোগ রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কাজের গতি বাড়ানো সম্ভব।

বিশেষ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণকে সচেতন ও অবহিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুধু সংবাদ প্রচার বা তথ্য সরবরাহ নয়, দুর্যোগের সময় জনগণকে সচেতন করা এবং প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়াও তথ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।

পিআইডির কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে চলমান কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে হবে। সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সর্বোচ্চ সেবা ও তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী চট্টগ্রাম পিআইডির কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।