গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণ-অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না। এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটি কখনো অটোমেটিক ছিঁড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আন্দোলন, এই গণ-অভ্যুত্থানকে আমাদের পেরে নিতে হয়েছে।’
তিনি বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা ছিল না—এমন ধারণা রাজনৈতিক অপরিপক্বতার পরিচয়। রাজনীতির মাঠ কঠিন ও কণ্টকাকীর্ণ উল্লেখ করে তিনি নতুন রাজনৈতিক শক্তিকে অভিজ্ঞতা থেকে শেখার আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরনো বন্দোবস্তের ধারায়। তাদের সংশোধন হতে বলব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে।’
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গীদের কেউ কেউ প্রকাশ্যে কিংবা ভিন্নভাবে আন্দোলনে যুক্ত ছিলেন। ভবিষ্যতে জাতীয় সংসদে বিতর্ক ও রাজপথে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা অব্যাহত থাকবে। তবে এমন কোনো রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কেউ ছিনিয়ে নিয়ে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চাইলে তার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। একাত্তরের চেতনা বিক্রির রাজনীতিও বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে।’
তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ইতিহাস ও অবদানকে উপেক্ষা করে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করা সম্ভব নয়। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ও পরিণত ভূমিকা প্রয়োজন।



