১ ভোটের ব্যবধানে ট্রাম্প সরকারের অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চ। তীব্র বিতর্কের পর মার্কিন সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে তার নিয়োগ অনুমোদিত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্লাঞ্চের নিয়োগের পক্ষে ৫০ জন সিনেটর ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৪৯ জন। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকোস্কি তার নিয়োগের বিরোধিতা করেন। তবে সিনেটর বিল ক্যাসিডির ভোট নিয়োগের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ভোট দেওয়ার আগে ক্যাসিডি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এর চেয়ে ভালো কোনো বিকল্প ছিল না। ট্রাম্পের সঙ্গে ক্যাসিডির দীর্ঘদিনের মতবিরোধ থাকায় তার ভোট নিয়ে ওয়াশিংটনে ব্যাপক আগ্রহ ছিল।
এই অনুমোদনের মধ্য দিয়ে ব্লাঞ্চকে ঘিরে সিনেটের রিপাবলিকান সদস্য ও ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো। গত এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন।
ব্লাঞ্চের নিয়োগের বিপক্ষে সিনেটের সব ডেমোক্র্যাট সদস্য ভোট দেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন।
পাম বন্ডিকে বরখাস্ত করার পর গত এপ্রিলে ব্লাঞ্চ বিচার বিভাগের অন্তর্বর্তী নেতৃত্বের দায়িত্ব নেন। এবার সিনেটের অনুমোদনের ফলে তিনি দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে যাচ্ছেন।



