রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া মনোনয়নপত্র নেয়নি কেউ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র নেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার বিএনপির প্রতিনিধিদলের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র নেননি।
এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এসব ভোটারকে অন্তর্ভুক্ত করেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সংশ্লিষ্ট আইনের নথি এখনো পাঠানো হয়নি। নথি প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং প্রক্রিয়া সম্পন্ন হলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় মোট ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, আপত্তি ও তথ্য সংশোধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হবে।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন করা যাবে।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবেন। এরপর ২৮ আগস্টের মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো ভোটার তালিকায় সংযোজন করা হবে।
সবশেষে ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।



