বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
বিরোধী দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। তারা সব সংকটের এখনই সমাধান চায়। জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ চালাতে ব্যর্থ হলে তারপর কথা বলবেন।’
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে বিভিন্ন ধরনের সংকট রয়েছে। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে। দ্রুত গ্যাস সংকটেরও সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন করা হয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, আমেরিকা-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশে প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এসব সংকট কাটিয়ে দেশকে ঘুরে দাঁড়াতে কিছুটা সময় প্রয়োজন।
এ সময় গণমাধ্যমের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের আমলে লিখতে না পারলেও এখন সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।’
অনুষ্ঠানে তিনি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং দেশের চলমান সংকট মোকাবিলায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান।



