হরমুজ খুলতে আমেরিকাকে ইরানের ৬ শর্ত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলতে আমেরিকাকে ছয়টি শর্ত দিয়েছে ইরান। দেশটির দাবি, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ খুলতে হলে আগে আমেরিকাকে তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে এবং ‘আচরণ সংশোধন’ করতে হবে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর এ কথা জানিয়েছেন। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের আরেক কর্মকর্তা বলেছেন, আমেরিকা তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শর্তগুলোর মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরান ও এর আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় রয়েছে।
ইরানের ছয় শর্ত
হরমুজ প্রণালি খুলতে ইরানের দেওয়া শর্তগুলো হলো—
১. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে।
২. ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
৩. ইরানের ওপর আরোপ করা নৌ-অবরোধে আমেরিকার যেসব নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে, সেগুলো প্রত্যাহার করতে হবে।
৪. সাম্প্রতিক সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
৫. ইরানের ওপর আরোপ করা আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
৬. বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ও অর্থ ছেড়ে দিতে হবে।
এক বিবৃতিতে জোলঘাদর বলেন, এসব দাবি ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন। যুদ্ধ হোক কিংবা আলোচনা—সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসব দাবি থেকে পিছিয়ে যাবে না।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথে চলাচল বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।



