চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, বাতিল ১ হাজার ফ্লাইট
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে সাংহাইসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের আশঙ্কায় ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান এলাকায় প্রথম আঘাত হানে টাইফুন ডলফিন। তখন ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। প্রায় এক ঘণ্টা পর এটি আবার ঝেজিয়াংয়ের ওয়েনঝৌ শহরে আঘাত হানে।
ঝড়ের প্রভাবে সাংহাইসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। সোমবার সাংহাইয়ে প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল করা হয়। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্রও। এর মধ্যে ডিজনিল্যান্ড, লেগোল্যান্ডের কিছু অংশ এবং জনপ্রিয় দ্য বান্ড এলাকার কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে।
ঝড়ের কারণে ঝেজিয়াংয়ের ওয়েনঝৌ শহর থেকে প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে খোলা হয়েছে এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র। তাইঝৌ শহর থেকেও প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
উপকূলীয় ফুজিয়ান প্রদেশেও নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। কয়েক ডজন যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধের পাশাপাশি সমুদ্রে থাকা শতাধিক নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
দুর্বল হলেও কাটেনি ঝুঁকি
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ পরে ডলফিনকে দুর্বল করে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে নামিয়ে আনে। তবে ঝড়টি উত্তর দিকে এগিয়ে যাওয়ায় আগামী কয়েক দিন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঝেজিয়াংয়ের কিছু এলাকায় আগামী কয়েক দিনে ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সাংহাইসহ শানদং, হেনান, হুবেই, আনহুই ও জিয়াংসু প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়ের মধ্যে ঝেজিয়াংয়ের ওয়েনলিং এলাকায় ৯ বছরের এক শিশু সমুদ্রে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি দেশটির কর্তৃপক্ষ।
ছড়িয়েছে ভুয়া তথ্য, আটক ২
টাইফুন ডলফিনকে ঘিরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে। এ ধরনের তথ্য ছড়ানোর অভিযোগে দুজনকে আটক করেছে কর্তৃপক্ষ।
আটক ব্যক্তিদের একজন এআই ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্যজন বিভিন্ন ভিডিও সংগ্রহ ও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ফিলিপাইন-জাপানেও প্রভাব
চীনে আঘাত হানার আগে ডলফিনের প্রভাবে ফিলিপাইন, তাইওয়ানের উত্তরাঞ্চল ও জাপানের ওকিনাওয়ায় ভারী বৃষ্টি হয়েছে।
ফিলিপাইনে ডলফিনসহ সাম্প্রতিক ঝড়ের প্রভাবে ভারী মৌসুমি বৃষ্টিতে আটজনের মৃত্যু হয়েছে বলে দেশটির নাগরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে। বিভিন্ন এলাকায় সাত হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
জাপানের ওকিনাওয়ায় ঝড়ের প্রভাবে পাঁচজন বয়স্ক মানুষ আহত হয়েছেন। তবে তাদের কারও আঘাত প্রাণঘাতী নয়।
এদিকে টাইফুনের প্রভাবে হংকংয়ে উল্টো দেখা গেছে তাপমাত্রার রেকর্ড। রোববার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
চীনের পূর্বাঞ্চলে টাইফুন ডলফিন দুর্বল হয়ে গেলেও ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি। তাই আগামী কয়েক দিন পরিস্থিতির ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।



