থাইল্যান্ডে ফের বন্দুক হামলা
গুলি করে নিজেই জানালেন সাবেক এমপি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের একটি সরকারি কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক সরকারি কর্মকর্তা ও তার গাড়িচালক আহত হয়েছেন। হামলার পর এক রাজনৈতিক ভাষ্যকারের ইউটিউব লাইভ অনুষ্ঠানে ফোন করে নিজেই হামলার কথা জানান সাবেক এক এমপি।
হামলার সঙ্গে ননথাবুরি প্রদেশের সাবেক আইনপ্রণেতা চালং রিউরায়েং জড়িত বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গুলিতে ননথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার সভাপতি থংচাই ইয়েনপ্রাসের্ত এবং তার গাড়িচালক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে তাদের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।
হামলার পর চালং একজন পরিচিত রাজনৈতিক ভাষ্যকারের ইউটিউব অনুষ্ঠানে ফোন করেন। ওই সময় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছিল। ফোনে তিনি নিজেই হামলাটি চালানোর কথা জানান।
অনুষ্ঠানের উপস্থাপিকা ও সাবেক সাংবাদিক আনচালি পাইরিরক ফোনটি ধরেন। অপর প্রান্তের ব্যক্তির কথা শোনার পর তাকে বিস্মিত হতে দেখা যায়।
তিনি ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে বলেন, “তিনি কি মারা গেছেন? আপনি কি তার মাথায় গুলি করেছেন? আপনাকে পুলিশের জন্য সেখানেই অপেক্ষা করতে হবে। কোথাও যাবেন না।”
তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
গ্রেপ্তারের সময় সাংবাদিকদের কাছে চালং দাবি করেন, থংচাই তার একটি অনুরোধ প্রত্যাখ্যান করায় তিনি ক্ষুব্ধ ছিলেন। তবে সেই অনুরোধের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
কয়েক দিনের ব্যবধানে ফের গুলির ঘটনা
ননথাবুরি প্রদেশে কয়েক দিন আগেই আরেকটি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় এক কিশোর নিজের বাড়ি ও একটি স্কুলে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করার পর আত্মহত্যা করে।
২০২২ সালের পর ঘটনাটিকে থাইল্যান্ডের সবচেয়ে ভয়াবহ গণগুলির ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
তবে সাম্প্রতিক দুই হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
হামলার কারণ ও পুরো ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা পক্ষ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে থাই পুলিশ।



