বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চায় ভারত, ব্রিকসেও আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
অভিন্ন জাতীয় স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় বৈঠক এবং আসন্ন ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশনে’ অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।
পাশাপাশি আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশনে’ অংশগ্রহণের জন্য পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারত মনে করছে, উচ্চপর্যায়ের এসব আলোচনা দুই দেশের কৌশলগত অংশীদারি আরও জোরদার করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারি এবং বহুপক্ষীয় ফোরামে সমন্বয় বাড়ানোর মাধ্যমে ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ব্রিকসের প্রচলিত রীতি অনুযায়ী, আঞ্চলিক জোটগুলোর প্রধানদের এ ধরনের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়।



