সময় ৩ ঘণ্টা, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের কার্যক্রম সরাসরি সম্প্রচারের (লাইভ টেলিকাস্ট) ব্যবস্থা থাকবে।

মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরে এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে তিনি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভায় অংশ নেন।

ইসি সচিব বলেন, ‘২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হবে। অনির্ধারিত কোনো কারণে কোনো সংসদ সদস্য পৌঁছাতে দেরি করলে সেই সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখেই বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।’

ভোটার অর্থাৎ সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন।

প্রতিটি ব্যালট পেপারে দুটি অংশ থাকবে—মুড়ি অংশ ও মূল ব্যালট। মুড়ি অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর থাকবে।

ডান পাশের মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। পাশে থাকা নির্ধারিত স্থানে ভোটার সংসদ সদস্য তাঁর পছন্দের প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন।

সংসদ সদস্যদের সুবিধার কথা বিবেচনায় অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে। ভোটাররা এর যেকোনো একটিতে তাঁদের ব্যালট পেপার জমা দিতে পারবেন বলে জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, ‘বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বাক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে। প্রাথমিকভাবে নির্ধারিত চার বা পাঁচজনের একটি ব্যালট গণনা দল ব্যালট পেপার বাছাই করে গণনা কার্যক্রম শেষ করবে।’

তিনি জানান, মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ বা বাতিল হয়েছে এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছেন—তা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধিবেশন কক্ষেই সবার সামনে ঘোষণা করবেন।

পরে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

ইসি সচিব জানান, অধিবেশন কক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুবিধা থাকবে। সাংবাদিকদের জন্যও নির্ধারিত স্থান রাখা হবে। কমিশনের পক্ষ থেকে ২০ জন কর্মকর্তাকে বিশেষ পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে। ফলে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিলে তাঁর সদস্য পদ বাতিল হবে।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।