সৌদি মালিকানাধীন জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। হামলায় জাহাজটির তিন ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছে জাহাজ চলাচল-সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা।
মঙ্গলবার (১১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশীয় নাগরিক।
গত মাসে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরান-সমর্থিত এই গোষ্ঠী ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।
হামলার খবর নিশ্চিত হলে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে এটি বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান মারিস্কস। প্রতিষ্ঠানটির মতে, বাব আল-মান্দেব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, পরিচালিত বা সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত ২০ জুলাই হুথিরা বাব আল-মান্দেব ঘিরে অবরোধ ঘোষণার পরও প্রণালিটিতে জাহাজ চলাচল তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করছে।
তবে ঝুঁকি এড়াতে সৌদি মালিকানাধীন ও পরিচালিত কিছু তেলবাহী জাহাজ বাব আল-মান্দেব প্রণালি এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: সিএনএন



