সৌদিতে মর্মান্তিক অগ্নিকাণ্ড

নিহত ১৬ বাংলাদেশির মরদেহ ফেরানোর উদ্যোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬
Oplus_131072

সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিয়াদের আল-শিফা এলাকার মুসা সানাইয়া শিল্পাঞ্চলে একটি সোফা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানাটি প্রয়োজনীয় লাইসেন্স বা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। ফলে অগ্নিকাণ্ডের পর কারখানাটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর পেয়ে সৌদি সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় নিশ্চিত করা, মরদেহ হস্তান্তর এবং দেশে পাঠানোর বিষয়ে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন নওগাঁর, দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাসিন্দা।

বাংলাদেশ সরকার জানিয়েছে, নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মরদেহ দেশে আনার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরব বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এই দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলো এখন প্রিয়জনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।