আ. লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি গুজব ছড়িয়ে পড়েছে। তবে এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি।’
এ ধরনের গুজব ছড়ানোর ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘যে গুজব কানে আসেনি, সে বিষয়কে আমরা এখন পর্যন্ত আমলে নিতে চাচ্ছি না।’
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে দেশ-জাতি-জনগণ ব্যস্ত রয়েছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আশা প্রকাশ করেন, দেশ একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক
বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়।
তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত এ কথা বলেই দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন। ‘আমরা অধীর আগ্রহে ইতিবাচক ফলাফলের জন্য অপেক্ষা করছি,’ বলেন তিনি।
তরুণদের দক্ষ জনশক্তি করার উদ্যোগ
তরুণদের দেশের মূল শক্তি হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের যথাযথ শিক্ষা ও দক্ষতা দেওয়া গেলে তারা দেশের উন্নয়নে বড় অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ এবং পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। তরুণদের শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তথ্যমন্ত্রী জানান, তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বর্তমান সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে।



