জাতিসংঘের ৯ মাসের ফেলোশিপ, মিলবে সম্পূর্ণ অর্থায়ন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬
সমুদ্রবিষয়ক কার্যক্রম, সামুদ্রিক আইন ও সমুদ্রশাসন নিয়ে কাজ করা উন্নয়নশীল দেশের মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের জন্য ২০২৭ সালের ফেলোশিপের আবেদন আহ্বান করেছে জাতিসংঘ। ‘ইউনাইটেড নেশনস–নিপ্পন ফাউন্ডেশন ফেলোশিপ অন ওশান অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য ল অব দ্য সি’ নামের এ কর্মসূচিতে ১৪টি ফেলোশিপ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
জাতিসংঘের আইনবিষয়ক দপ্তরের সমুদ্রবিষয়ক কার্যক্রম ও সমুদ্র আইন বিভাগ (ওএলএ/ডিওএএলওএস) এবং নিপ্পন ফাউন্ডেশনের সহযোগিতায় এ ফেলোশিপ পরিচালিত হয়। কর্মসূচিটির লক্ষ্য হলো উন্নয়নশীল দেশের সংশ্লিষ্ট পেশাজীবীদের সমুদ্রবিষয়ক কার্যক্রম ও সমুদ্র আইন সম্পর্কে উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ দেওয়া। একই সঙ্গে জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনসিএলওএস) বাস্তবায়ন এবং টেকসই সমুদ্র ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা।
নয় মাসের ফেলোশিপ
২০২৭ সালের এই ফেলোশিপের মেয়াদ নয় মাস। কর্মসূচিটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২৪ মার্চ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১ জুলাই থেকে ১৭ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বিষয়ে একটি নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় মাসের গবেষণা কার্যক্রমে অংশ নেবেন।
ফেলোশিপটি সম্পূর্ণ সরাসরি উপস্থিত হয়ে করতে হবে। অর্থাৎ নির্বাচিতদের নির্ধারিত স্থানে উপস্থিত থেকে সব কার্যক্রমে অংশ নিতে হবে।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্তত স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে এবং উচ্চতর একাডেমিক গবেষণা ও পড়াশোনা করার সক্ষমতা দেখাতে হবে।
প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে এবং সমুদ্রবিষয়ক কার্যক্রম বা সমুদ্র আইনের সঙ্গে সরাসরি যুক্ত মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তা কিংবা পেশাজীবী হতে হবে।
বিশেষ করে যেসব ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে, সেসবের মধ্যে রয়েছে—
- সমুদ্র আইন ও ইউএনসিএলওএস বাস্তবায়ন
- জাতীয় ও আঞ্চলিক সমুদ্রনীতি
- সামুদ্রিক সীমানা নির্ধারণ
- উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা
- সামুদ্রিক জীবসম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা
- নৌপরিবহন ও জাহাজ চলাচল
- সামুদ্রিক নিরাপত্তা
- সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ
- সামুদ্রিক বিজ্ঞান
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বিশেষ করে এসডিজি-১৪ বা সমুদ্র ও জলজ সম্পদ সংরক্ষণ-সংক্রান্ত কার্যক্রম।
এ ছাড়া আবেদনকারীর ইংরেজিতে ভালোভাবে কথা বলা ও লেখার সক্ষমতা থাকতে হবে। ফেলোশিপের সব প্রশিক্ষণ কার্যক্রম ইংরেজিতে পরিচালিত হবে।
কী সুবিধা মিলবে
ফেলোশিপের আওতায় নির্বাচিতরা সমুদ্রবিষয়ক কার্যক্রম ও সমুদ্র আইন নিয়ে উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ পাবেন। জাতিসংঘের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগ তৈরির সুযোগও থাকবে।
২০০৪ সাল থেকে জাতিসংঘ–নিপ্পন ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচির আওতায় ৩৫০ জনের বেশি ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২৭ সালের জন্য ১৪টি ফেলোশিপ দেওয়া হবে।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে জাতিসংঘের ইন্ডিকো.ইউএন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। আবেদনকারীদের অনলাইন আবেদন ফরম পূরণের পাশাপাশি নির্ধারিত আবেদনপত্র ও গবেষণা পরিকল্পনা, স্বাক্ষরিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিলযুক্ত মনোনয়ন ফরম এবং বৈধ পাসপোর্টের কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।
আগ্রহীরা জাতিসংঘের ফেলোশিপের অফিসিয়াল তথ্য ও আবেদন পেজ থেকে বিস্তারিত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়া দেখে আবেদন করতে পারবেন।



