মুম্বাইয়ে ভারি বৃষ্টিতে ভূমিধস, নিহত ৬
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬
ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে ভারি বৃষ্টির মধ্যে বুধবার ভোরে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পৌর কর্মকর্তা তানাজি কাম্বলি জানান, ভোর হওয়ার আগেই মুম্বাইয়ের উপশহর ঘাটকোপারের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ের একটি অংশ ধসে দুই থেকে তিনটি বাড়ির ওপর পড়ে।
ঘটনার পরপরই দমকল বাহিনী, পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং পৌর কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করেন। তবে সরু প্রবেশপথের কারণে ঘটনাস্থলে ভারী উদ্ধারযন্ত্র নেওয়া সম্ভব হয়নি। এতে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়।
উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে অন্তত ১০ জনকে উদ্ধার করে একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। তানাজি কাম্বলি জানান, হাসপাতালে নেওয়ার পর দুই শিশু ও দুই কিশোরসহ ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ভারতে মৌসুমি বায়ুর প্রভাব আরও সক্রিয় হতে পারে। এ কারণে বন্যা ও ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রায় দুই কোটি মানুষের শহর মুম্বাইয়ে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এ সময় ভারি বৃষ্টিতে প্রায়ই শহরের সড়ক ও রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে বিমান ও রেল চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ঘনবসতিপূর্ণ পাহাড়ি এলাকায় ভূমিধস ও ভবন ধসের ঘটনাও ঘটে।
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, দ্রুত নগরায়ণ, অস্থিতিশীল পাহাড়ি ঢালে নির্মাণকাজ এবং দুর্বল পানি নিষ্কাশনব্যবস্থা মুম্বাইকে বর্ষাকালীন দুর্যোগের ঝুঁকিতে ফেলছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভারী ও অনিয়মিত বৃষ্টিপাত বাড়ায় এই ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।



