রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৩ মিনিটে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো হয়েছে যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
এদিকে সংসদের বিরোধী দল হিসেবে ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন।
এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন বিএনপি ও সংসদের বিরোধী ১১ দলীয় জোট—দুই পক্ষের প্রার্থীই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন।



