সৌদি আরবে ইরাকের উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদল, কী বার্তা দিচ্ছে
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬
আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিয়ে সৌদি আরবের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরাকের একটি নিরাপত্তা প্রতিনিধিদল রিয়াদে পৌঁছেছে। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি বলার এক সপ্তাহের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানিয়েছিলেন, অন্য কোনো দেশকে লক্ষ্য করে পরিচালিত কর্মকাণ্ডে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
ইরাকি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের কার্যালয়ের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির আল-শাম্মারি। ইরাকি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধিদলে দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে গোয়েন্দা সংস্থা ও বিমানবাহিনীর প্রধানও রয়েছেন।
রিয়াদে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলা, ড্রোন থেকে সৃষ্ট নিরাপত্তা হুমকি এবং দুই দেশের সীমান্ত নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইরাকের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌদি সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাগদাদ তার ভূখণ্ডকে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা বা আঞ্চলিক সংঘাতে ব্যবহারের সুযোগ দিতে চায় না—এমন বার্তা দেওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ প্রশমনের চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সফরটি দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদারের পাশাপাশি ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত সম্ভাব্য হামলা ও ড্রোন-সংক্রান্ত হুমকি নিয়ন্ত্রণে বাগদাদের অবস্থান স্পষ্ট করার একটি কূটনৈতিক উদ্যোগ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।



