রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের পক্ষে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজন।’
তিনি জানান, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে রাষ্ট্রপতি পদে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দল বা ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে।



