১৫ আগস্ট সেউটা সীমান্তে ফের অভিবাসী ঢলের গুজব, সতর্ক স্পেন
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউটায় অনিয়মিতভাবে প্রবেশের জন্য ১৫ আগস্ট আবারও বড় ধরনের জমায়েতের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্পেনের কর্তৃপক্ষ। তবে ১৫ আগস্ট নতুন করে বড় ধরনের অভিবাসী ঢল নামবে—এমন নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।
জুলাইয়ের শেষ দিকে মরক্কো থেকে বিপুলসংখ্যক মানুষ সেউটায় প্রবেশের চেষ্টা করেন। এর কয়েক সপ্তাহ না যেতেই টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ১৫ আগস্টকে কেন্দ্র করে সীমান্ত অতিক্রমের আহ্বান জানিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করেছে।
স্পেনের সিভিল গার্ডের তথ্য অনুযায়ী, মানুষকে সংগঠিত করতে পারে—এমন একটি সক্রিয় অনলাইন প্রচারণা চলছে। তবে এতে কতসংখ্যক মানুষ অংশ নিতে পারেন, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো ধারণা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে মরক্কো ও স্পেনের সীমান্ত দিয়ে সেউটায় প্রবেশের জন্য মানুষকে উৎসাহিত করা হচ্ছে। কোথাও কোথাও স্প্যানিশ সরকারের নামে ভুয়া বিজ্ঞপ্তিও ছড়ানো হচ্ছে। এসব পোস্টে ১৫ আগস্ট সীমান্ত পারাপারের পথ দীর্ঘ সময় খোলা থাকার দাবি করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মন্তব্যে অনেককে সীমান্তে যাওয়ার প্রস্তুতির কথা জানাতে দেখা গেছে। কেউ কেউ নিজেদের যোগাযোগের নম্বর ও হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্যও শেয়ার করছেন। আবার কয়েকটি পোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ এড়িয়ে সেউটায় পৌঁছানোর পথের ভিডিওও ছড়ানো হয়েছে।
সীমান্তে নিরাপত্তা জোরদার
পরিস্থিতি বিবেচনায় মরক্কো ও স্পেন—উভয় দেশই সেউটা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। স্পেনের সিভিল গার্ডের কর্মকর্তাদের ছুটি না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
মরক্কোর ফনিদেক ও সেউটার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক গাড়ি দেখা গেছে।
তবে কর্তৃপক্ষ বলছে, জুলাইয়ের শেষ দিকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ১৫ আগস্টও একই ধরনের ঘটনা ঘটবে—এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের বড় একটি অংশ বিভ্রান্তিকর বা ভুয়া বলেও সতর্ক করা হয়েছে।
সেউটায় এখনো হাজারো অভিবাসী
জুলাইয়ের শেষ দিকে বিপুলসংখ্যক মানুষ সেউটায় প্রবেশের চেষ্টা করায় শহরটিতে অভিবাসন পরিস্থিতি নতুন করে আলোচনায় আসে। অনেককে পরে মরক্কোয় ফেরত পাঠানো হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সেউটার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাসের হিসাবে, শহরটিতে এখনো প্রায় ৮ হাজার থেকে ১১ হাজার অনিয়মিত অভিবাসী অবস্থান করছেন। তাঁদের একটি অংশ সমুদ্রসৈকত ও বিভিন্ন খোলা জায়গায় অবস্থান করছেন।
সেউটার অভিবাসী গ্রহণকেন্দ্রের ধারণক্ষমতাও পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন করে আসা ব্যক্তিদের সেখানে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপে সফলভাবে পৌঁছানোর গল্প, ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় মরক্কোর তরুণদের মধ্যে ইউরোপে যাওয়ার আগ্রহ বাড়ছে। এতে অনিয়মিত পথে স্পেনে প্রবেশের ঝুঁকিও তৈরি হচ্ছে।



