অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫৬ হাজারের বেশি সন্দেহভাজন অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেটা জানিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের বলে সন্দেহ হওয়া এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

এর মধ্যে ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর আগে জানুয়ারি পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম ও ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে ফেলার তথ্য জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

মেটা বলেছে, অস্ট্রেলিয়ার নতুন আইন মেনে চলার জন্য তাদের পদক্ষেপ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে বন্ধ করা অ্যাকাউন্টের সংখ্যা আরও বাড়তে পারে।

নিষেধাজ্ঞার পরও ৮০ শতাংশের বেশি শিশু সামাজিক যোগাযোগমাধ্যমে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা গত ১০ ডিসেম্বর কার্যকর হয়। শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের কারণে আইনটি করা হয়েছে।

তবে অস্ট্রেলিয়া সরকারের তথ্য ও একাধিক স্বাধীন গবেষণায় দেখা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সীদের ৮০ শতাংশের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছিল।

মেটা ছাড়া অন্য বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো একই সময়সীমার ভিত্তিতে আইন বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এমন কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে, যেগুলো আইন মেনে চলার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

জরিমানা বাড়ানোর উদ্যোগ

বিশ্বের আরও কয়েকটি দেশ যখন শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে, তখন অস্ট্রেলিয়া অভিযোগ করেছে, কিছু প্ল্যাটফর্ম আইনটি কার্যকর করার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

আইন লঙ্ঘনের সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার করার প্রস্তাবও দিয়েছে দেশটির সরকার। এ অর্থ প্রায় ৬ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের সমান।

একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাকে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরও বেশি নথি সংগ্রহের ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পার্লামেন্টারি শুনানিতে মেটা-টিকটক-গুগল

অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়সসীমা কার্যকর করার বিষয়টি নিয়ে শুক্রবার শুনানি হওয়ার কথা রয়েছে। এতে মেটা, টিকটক, ইউটিউবের মালিক গুগল এবং স্ন্যাপচ্যাটের প্রতিনিধিরা সাক্ষ্য দেবেন। নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের কর্মকর্তারাও শুনানিতে অংশ নেবেন।

মেটা এক বিবৃতিতে জানিয়েছে, তরুণদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে তাদেরও রয়েছে। আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় শনাক্ত হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট

অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীর প্রোফাইল ও অনলাইন কর্মকাণ্ড বিশ্লেষণ করে কেউ ১৬ বছরের কম বয়সী কি না, সে বিষয়ে ধারণা নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে জন্মদিন উদযাপনের তথ্য, স্কুলের শ্রেণি, পড়াশোনা কিংবা বয়সসংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট সম্পর্কে অন্য ব্যবহারকারীদের অভিযোগও বিবেচনায় নেওয়া হচ্ছে।

মেটার দাবি, কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর বলে শনাক্ত করে বন্ধ করে দেওয়ার পর ওই ব্যক্তি যাতে একই পরিচয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে বারবার চেষ্টা করতে না পারেন, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।