হরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আমিরাত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এডনকের দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা হয়।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এক বিবৃতিতে এডনক জানিয়েছে, হামলায় কেউ আহত হননি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

হামলার জন্য ইরানকে দায়ী করল আমিরাত

এডনকের দুটি জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় এডনকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি জাহাজের ওপর ‘শত্রুতামূলক ইরানি হামলা’ চালানো হয়েছে। তবে হামলায় কোনো হতাহত হয়নি।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ বা জিম্মি করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘জলদস্যুতামূলক কর্মকাণ্ড’।

আবুধাবির দাবি, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে সেখানে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।