সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে গ্যাস লিকেজে ৮ শ্রমিক নিহত

সীতাকুণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে সরকার। মালিকপক্ষ ইতিমধ্যে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, ‘সরকার একটি তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মালিকপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।

এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

ট্যাংক থেকে গ্যাস ছড়িয়ে প্রাণহানি

শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে একে একে আট শ্রমিক মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সীতাকুণ্ডের ভাটিয়ারীর সানী জলদাশ (২২), পলাশ জলদাশ (২৭), মুনছুর আলী (৪০), নাসির উদ্দিন (৩৮), জামালপুরের হাবীবুর রহমান, গাইবান্ধার খোকন এবং আব্দুল আমীল রানা।

বিএসবিআরএরও তদন্ত কমিটি

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জাহাজভাঙা শিল্পের সংগঠন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মহসিন।

ইয়ার্ডের মালিক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারি বিধি অনুযায়ী সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।