বিদেশি কর্মীদের ব্যাংক হিসাব খুলতে বলল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
বাংলাদেশে এমপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘এ-৩’ ভিসাসহ সব ধরনের এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে বলা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
এতে আরও বলা হয়, ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হয়। ওই ওয়ার্ক পারমিটে বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের শর্তও অন্তর্ভুক্ত থাকে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একই বিধান অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে যেসব বিদেশি নাগরিকের হালনাগাদ ওয়ার্ক পারমিট রয়েছে, তাদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বিধি মেনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।
ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।



