কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ নামের আবাসিক হোটেলে আগুন লাগে। ওই সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
অগ্নিকাণ্ডের পর হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকেই আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত নয়জনই বাংলাদেশি নাগরিক। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের জাতীয়তা সম্পর্কে কলকাতা পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার পর হোটেলের কক্ষগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে দমবন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
ঘটনার পর কলকাতার নিউ মার্কেট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। উদ্ধারকাজ ও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



