মধ্যপ্রাচ্যে প্রভাব হারিয়ে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র : গালিবাফ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বিদেশি শক্তিগুলোর প্রভাব কমে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এখন অঞ্চলটি থেকে ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
গালিবাফ বলেন, ইরাক ও ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলাইমানির সংগ্রাম ও আত্মত্যাগের ফলেই মধ্যপ্রাচ্যে এই পরিবর্তন এসেছে।
তিনি দাবি করেন, নতুন আঞ্চলিক ব্যবস্থায় বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে যাচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বিস্তারের যে প্রকল্প ছিল, তা এখন কেবল ‘অলীক স্বপ্নে’ পরিণত হয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক নতুন কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির দীর্ঘদিনের প্রভাব ও হস্তক্ষেপ কমে আসছে।
২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।
গালিবাফের বক্তব্যে ওই দুই সামরিক কমান্ডারের সংগ্রাম ও আত্মত্যাগের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।



