সিঙ্গাপুরে দক্ষ কর্মী পাঠাতে বোয়েসেল-দূতাবাস বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো এবং দেশটির শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও সিঙ্গাপুর হাইকমিশন। এ লক্ষ্যে দুই পক্ষ যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা করেছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লির সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক আলোচনা করেন। এ সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সিঙ্গাপুরে বাংলাদেশি দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সিঙ্গাপুরের পক্ষ থেকে জানানো হয়, দেশটির বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে বৈঠকে মত দেওয়া হয়।
অন্যদিকে বোয়েসেলের পক্ষ থেকে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় দক্ষ কর্মী পাঠানো হলে কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়ার সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহও বাড়বে।
বৈঠকে কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বোয়েসেল জানায়, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর মাধ্যমে কর্মীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে প্রস্তুত করা হবে।
এ বিষয়ে সিঙ্গাপুর দূতাবাসের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ মনে করে, সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের অংশগ্রহণ বাড়ানো গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নিরাপদ ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।
শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।



