প্রধানমন্ত্রীকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। সফরের তারিখ এখনো চূড়ান্ত না হলেও আগস্টের শেষ সপ্তাহে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠকের ওপর নির্ভর না করে আগস্টেই নরেন্দ্র মোদি ও তারেক রহমানের মধ্যে সরাসরি বৈঠক আয়োজন করতে আগ্রহী। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে যোগাযোগও চলছে।

সফরটি হলে সাম্প্রতিক সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে তৈরি হওয়া রাজনৈতিক টানাপোড়েন কমানো, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়ানো এবং গঙ্গার পানি বণ্টনসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, তারেক রহমানের ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম। এর পরিবর্তে দ্বিপক্ষীয় সফরকে গুরুত্ব দিতে পারেন তিনি। এমনকি সফরটি সেপ্টেম্বরে পিছিয়ে গেলেও ভারত সফরের বিষয়ে তাঁর আগ্রহ থাকতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

দুই দেশের কর্মকর্তারা মনে করছেন, তারেক রহমান ও নরেন্দ্র মোদির সরাসরি বৈঠক হলে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা কমানোর পাশাপাশি সম্পর্ককে আরও গঠনমূলক পর্যায়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

‘স্মরণীয় সফর’ চান মোদি

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আশাবাদ প্রকাশ করেন ভারতের রাজ্যসভার সদস্য ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত সফরের সময় তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়া হবে।

ত্রিবেদীর ভাষ্য অনুযায়ী, মোদি চান তারেক রহমানের সফরটি স্মরণীয় হোক। দুই নেতার মধ্যে সরাসরি ও নিয়মিত যোগাযোগ বাড়লে দুই দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপকৃত হবেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বহুপক্ষীয় বৈঠকের তুলনায় দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতার সরাসরি আলোচনার সুযোগ বেশি থাকে। সেখানে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ এবং যৌথ বিবৃতি দেওয়ার সুযোগও থাকে। অতীতের বিরোধ পেছনে ফেলে দুই দেশের সম্পর্ককে নতুন ও ইতিবাচক অধ্যায়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের মধ্যেও আশাবাদ

সম্ভাব্য ভারত সফর ঘিরে দুই দেশের ব্যবসায়ী মহলেও আশাবাদ তৈরি হয়েছে। সম্প্রতি ভারতের শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। প্রতিনিধিদলটি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে।

এসব বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও দুই দেশের ব্যবসায়ী নেতারা তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

সফর নিয়ে রাজনৈতিক মতভেদ

তবে সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন প্রতিক্রিয়াও রয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সফরের বিষয়ে সতর্ক করেছেন।

১৪ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে দলের এক সমাবেশে তিনি বলেন, ভারত শেখ হাসিনা এবং জুলাই হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্তদের বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত নয়।

তবে ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম বলেন, তারেক রহমানের ভারত সফরের জন্য বাংলাদেশ একটি ‘অনুকূল পরিবেশ’ চাচ্ছে। তিনি জানান, সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে।

গঙ্গার পানি বণ্টনও আলোচনায়

সম্ভাব্য সফরে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত, নিরাপত্তা ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তি করে। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছে ঢাকা।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ও আমেরিকায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক বাস্তবতার আলোকে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন করে দেখতে হবে। পারস্পরিক সম্মান, আস্থা, মর্যাদা ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তার মতে, সীমান্তে হত্যাকাণ্ড, কথিত ‘পুশ-ইন’ এবং অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের মধ্যে যে সংবেদনশীলতা তৈরি হয়েছে, তা কমাতে উচ্চপর্যায়ের সরাসরি যোগাযোগ গুরুত্বপূর্ণ। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এ ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে।

তিনি বলেন, ভৌগোলিক অবস্থান ও পারস্পরিক নির্ভরতার কারণে বাংলাদেশ ও ভারত গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। তাই দীর্ঘদিনের টানাপোড়েন কমিয়ে পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সম্পর্ককে নতুন পর্যায়ে নেওয়া দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।