কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৬
কাতারের কাছে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। এর মধ্যে আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহের জন্য চারটি পর্যন্ত কেসি-৪৬এ বিমান এবং এসব বিমানের বিভিন্ন সরঞ্জাম রয়েছে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের বৃহস্পতিবারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতার চারটি পর্যন্ত কেসি-৪৬এ বিমান কেনার পাশাপাশি আটটি পিডব্লিউ৪০৬২ টার্বোফ্যান ইঞ্জিন, ১০টি এএন/এএলআর-৬৯এ রাডার সতর্কীকরণ ব্যবস্থা, ১৫টি গার্ডিয়ান লেজার ট্রান্সমিটার এবং আটটি এলএআইআরসিএম সিস্টেম প্রসেসর কেনার অনুরোধ করেছে। চুক্তির আওতায় বিমানের বিভিন্ন সহায়ক সরঞ্জাম ও সেবা, পরিবহন, প্রশিক্ষণ এবং অন্যান্য লজিস্টিক সহায়তাও থাকবে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সম্ভাব্য এই বিক্রির মাধ্যমে কাতারের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে আমেরিকা ও তার মিত্রদের সামরিক বাহিনীর সঙ্গে কাতারের সমন্বয়ও আরও জোরদার হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর ফলে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় কাতারের সক্ষমতা বাড়বে।
আমেরিকার সরকার কাতারকে একটি ‘কৌশলগত আঞ্চলিক অংশীদার’ হিসেবে উল্লেখ করেছে। দেশটির মতে, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রেও কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্ভাব্য এই চুক্তির প্রধান আমেরিকান ঠিকাদারদের মধ্যে রয়েছে বোয়িং, প্র্যাট অ্যান্ড হুইটনি মিলিটারি ইঞ্জিনস, আরটিএক্স করপোরেশন ও নর্থরপ গ্রুম্যান।
কেসি-৪৬এ বিমানটি আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহের পাশাপাশি কার্গো পরিবহন ও জরুরি চিকিৎসা স্থানান্তরের কাজে ব্যবহার করা যায়। পুরোনো কেসি-১৩৫ বিমানের তুলনায় এটি উন্নত সক্ষমতার বিমান হিসেবে বিবেচিত।
এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহারের জন্য কাতারের দেওয়া একটি বিমান নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মধ্যেই সামরিক সরঞ্জাম বিক্রির এই ঘোষণা এসেছে। ট্রাম্প জুলাই থেকে ওই নতুন জেট ব্যবহার শুরু করেছেন এবং বিমানটির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন।



