জাতিসংঘের ফেলোশিপে দোহা যাওয়ার সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা অর্জন ও পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন সাংবাদিকেরা। স্বল্পোন্নত দেশগুলোর ১০ জন সাংবাদিককে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ। এ কর্মসূচির আওতায় নির্বাচিত সাংবাদিকেরা কাতারের দোহায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধির কার্যালয় (ইউএন-ওএইচআরএলএলএস) এ ফেলোশিপের আয়োজন করছে। ২০২৭ সালের ২৫ থেকে ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হবে দোহা প্রোগ্রাম অব অ্যাকশনের (ডিপিওএ) মধ্যবর্তী পর্যালোচনা সম্মেলন। “জাতিসংঘের ওয়েবসাইটে ফেলোশিপের বিস্তারিত তথ্য” প্রকাশ করা হয়েছে।

ফেলোশিপে যেসব সুবিধা পাওয়া যাবে

নির্বাচিত সাংবাদিকদের দোহায় যাওয়া ও ফেরার ইকোনমি শ্রেণির বিমানভাড়া দেবে আয়োজক কর্তৃপক্ষ। এ ছাড়া জাতিসংঘের নিয়ম অনুযায়ী আবাসন ও খাবারের খরচ মেটাতে দৈনিক ভাতা দেওয়া হবে।

ফেলোশিপের আওতায় সম্মেলনের আগে পরিচিতিমূলক কার্যক্রম, বিভিন্ন বিষয়ে ব্রিফিং এবং আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ থাকবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের সম্মেলন ও দোহা প্রোগ্রাম অব অ্যাকশনের বাস্তবায়ন নিয়ে অন্তত তিনটি প্রতিবেদন তৈরি ও প্রকাশ করতে হবে। সম্মেলনের আগে, সম্মেলন চলাকালে এবং সম্মেলনের পরে—এই তিন পর্যায়ে প্রতিবেদনগুলো প্রকাশ করতে হবে।

আবেদনের যোগ্যতা

এ ফেলোশিপে আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি জাতিসংঘের তালিকাভুক্ত ৪৪টি স্বল্পোন্নত দেশের যেকোনো একটির নাগরিক হতে হবে। এ তালিকায় বাংলাদেশও রয়েছে।

স্বীকৃত গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত বা সম্প্রচারিত প্রতিবেদন রয়েছে—এমন গণমাধ্যমকর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিকেরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর সাংবাদিকতায় অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। দোহায় ভ্রমণ এবং ফেলোশিপের নির্ধারিত কার্যক্রমে অংশ নেওয়ার সক্ষমতাও থাকতে হবে।

আবেদনকারীদের টেকসই উন্নয়ন বিষয়ে আগ্রহ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা থাকলে তা আবেদনে তুলে ধরতে হবে।

আবেদনে যেসব নথি লাগবে

আবেদনের সঙ্গে সর্বোচ্চ ৩০০ শব্দের একটি সংক্ষিপ্ত জীবনী, প্রকাশিত দুটি কাজের নমুনা এবং সর্বোচ্চ ৪০০ শব্দের একটি প্রতিবেদন প্রস্তাব জমা দিতে হবে। কাজের নমুনার অন্তত একটি উন্নয়নবিষয়ক হতে হবে।

প্রতিবেদন প্রস্তাবে সম্মেলন চলাকালে কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, সেগুলো স্বল্পোন্নত দেশগুলোর পাঠকদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে প্রতিবেদন প্রকাশ করবেন—তা উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী সাংবাদিকদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।

আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও বিস্তারিত শর্ত জানতে এবং আবেদন করতে জাতিসংঘের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।