সুইডেনে ফুল ফান্ডেড স্কলারশিপ, মাসে ১২ হাজার ক্রোনা ভাতাসহ যেসব সুবিধা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুইডেনে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে দেশটির সরকারের অর্থায়নে পরিচালিত সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ। এই বৃত্তির আওতায় রয়েছে মাসিক ভাতা, ভ্রমণ অনুদান, স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা।
সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস, সংক্ষেপে এসআই স্কলারশিপ নামে পরিচিত এই বৃত্তিতে বাংলাদেশসহ যোগ্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এই স্কলারশিপের আওতায় সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বা দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে। প্রায় ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য এই বৃত্তির সুযোগ রয়েছে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।
স্কলারশিপে কী কী সুবিধা পাওয়া যাবে?
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জীবনযাত্রার খরচ মেটাতে প্রতি মাসে পাবেন ১২ হাজার সুইডিশ ক্রোনা। এ ছাড়া ভ্রমণের জন্য এককালীন ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান দেওয়া হবে।
পাশাপাশি থাকবে স্বাস্থ্যবিমা এবং পেশাগত যোগাযোগ বাড়ানোর সুযোগ। শিক্ষার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালস ও অ্যালামনাই নেটওয়ার্কের সদস্য হওয়ার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা কী?
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। থাকতে হবে স্নাতক ডিগ্রি, ইংরেজি ভাষায় দক্ষতা এবং অন্তত তিন হাজার ঘণ্টার কাজের অভিজ্ঞতা। ফুলটাইম কাজের হিসাবে যা প্রায় দেড় বছরের অভিজ্ঞতার সমতুল্য।
এ ছাড়া আবেদনকারীর সিভি, মোটিভেশন লেটার ও রেফারেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র মানসম্মত হতে হবে। যে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন, সেটি এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
প্রথমে সুইডেনের বিশ্ববিদ্যালয়ে পছন্দের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। এরপর স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে নির্ধারিত ফরমে তৈরি সিভি, রেফারেন্স লেটার, কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র, বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি এবং মোটিভেশন লেটার।
মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭। আর স্কলারশিপের আবেদনের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৭।
বিস্তারিত যোগ্যতা, নির্বাচিত মাস্টার্স প্রোগ্রামের তালিকা এবং আবেদনের নির্দেশনা পাওয়া যাবে সুইডিশ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে।
তবে আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট প্রোগ্রামের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং হালনাগাদ সময়সীমা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নিন।
বিদেশে উচ্চশিক্ষার এমন আরও সুযোগের খবর জানতে চোখ রাখুন ডেল্টা টিভির পর্দায়।



