ফ্রান্সে মাস্টার্স-পিএইচডিতে বৃত্তি, মাসে মিলবে সর্বোচ্চ ২১০০ ইউরো ফ্রান্সে উচ্চশি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬
ফ্রান্সে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল বৃত্তি ২০২৭-এর আবেদন কার্যক্রম। এ বৃত্তির আওতায় মাস্টার্স পর্যায়ে মাসে ১ হাজার ২০০ ইউরো এবং পিএইচডি পর্যায়ে ২ হাজার ১০০ ইউরো ভাতা পাওয়ার সুযোগ রয়েছে।
ফরাসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মনোনীত প্রার্থীদের আবেদন ক্যাম্পাস ফ্রান্সে জমা দেওয়ার শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭। তবে বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে। তাই আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ বৃত্তির লক্ষ্য বিদেশি মেধাবী শিক্ষার্থীদের দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আকৃষ্ট করা। বৃত্তির ব্যবস্থাপনায় রয়েছে ক্যাম্পাস ফ্রান্স।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ভাতার পাশাপাশি কর্মসূচির শর্ত অনুযায়ী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াত, বিমা, আবাসন খুঁজতে সহায়তা এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুবিধা পেতে পারেন।
তবে আইফেল বৃত্তি সরাসরি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বহন করে না। ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ফি, ফি মওকুফের সুযোগ এবং অন্যান্য খরচ সম্পর্কে আগেই নিশ্চিত হতে হবে।
এ বৃত্তিতে সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন করার সুযোগ নেই। প্রথমে ফ্রান্সের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠানটি প্রার্থীকে মনোনীত করলে তারাই নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বৃত্তির আবেদন জমা দেবে। তবে মনোনয়ন পেলেই বৃত্তি নিশ্চিত হবে না; চূড়ান্ত নির্বাচনপ্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ অথবা ফরাসি দূতাবাসের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারেন। পাশাপাশি ভর্তির যোগ্যতা, ভাষাগত দক্ষতা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭ হলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সময়সীমা তার আগেই শেষ হতে পারে। তাই আগ্রহীদের দ্রুত প্রস্তুতি নেওয়া জরুরি।



