জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ, মাসিক ভাতাসহ যেসব সুবিধা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬
বিদেশে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান? এবার জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা। এ কর্মসূচিতে থাকছে মাসিক ভাতা, আন্তর্জাতিক পেশাজীবীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।
জাপানের টোকিওতে অবস্থিত ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির রেক্টর অফিস আয়োজন করছে এই জুনিয়র ফেলো ইন্টার্নশিপ প্রোগ্রাম। ২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু হয়ে ইন্টার্নশিপটি চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
এই ইন্টার্নশিপে বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনকারীকে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। অথবা আবেদন জমা দেওয়ার তারিখের আগের দুই বছরের মধ্যে সংশ্লিষ্ট ডিগ্রি সম্পন্ন করতে হবে।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা গ্রহণযোগ্য। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
তবে পূর্ববর্তী ডিগ্রি ইংরেজি মাধ্যমে সম্পন্ন করা হলে কিংবা ইংরেজি মাতৃভাষা হলে আইইএলটিএস বা টোফেল সনদ বাধ্যতামূলক নয় বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যেসব সুবিধা পাবেন
ইন্টার্নশিপ চলাকালে অংশগ্রহণকারীদের মাসিক ভাতা দেওয়া হবে, যা দিয়ে জাপানে থাকা ও যাতায়াতের খরচ মেটানোর সুযোগ থাকবে। এ ছাড়া বিনা খরচে অফিস স্পেস ব্যবহার, অফিসের লাইব্রেরি ও জিম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
প্রতি মাসে দেড় দিন ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটিও থাকবে। আন্তর্জাতিক পরিবেশে কাজ করা, অভিজ্ঞ সহকর্মীদের কাছ থেকে শেখা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য পেশাগত যোগাযোগ তৈরির সুযোগও থাকছে।
কী কাজ করতে হবে?
নির্বাচিত জুনিয়র ফেলোরা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অফিসের বিভিন্ন কাজে সহায়তা করবেন। এর মধ্যে রয়েছে প্রশাসনিক গবেষণা, প্রতিবেদন তৈরি, অনলাইন ও সরাসরি অনুষ্ঠান আয়োজন, সভা সমন্বয়, সম্পাদনা এবং যোগাযোগসংক্রান্ত কার্যক্রম।
আবেদন করবেন যেভাবে
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। প্রয়োজন হবে জীবনবৃত্তান্ত বা সিভি, কভার লেটার, আবেদন ফরম, ফান্ডিং ফরম, দুটি সুপারিশপত্র ও সংশ্লিষ্ট ফরম। প্রয়োজন অনুযায়ী ভাষাদক্ষতার প্রমাণপত্রও জমা দিতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে জুম বা ফোনের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া হতে পারে।
আগ্রহী প্রার্থীরা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নিয়োগ ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।
আবেদনের আগে অবশ্যই যোগ্যতা, ভাতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নির্দেশনা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নিন।
আন্তর্জাতিক ইন্টার্নশিপ, স্কলারশিপ ও বিদেশে উচ্চশিক্ষার আরও সুযোগের খবর জানতে চোখ রাখুন ডেল্টা টিভিতে।



