জাপানে স্নাতকোত্তর-পিএইচডিতে বৃত্তি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

জাপানের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ডিগ্রির মেয়াদ অনুযায়ী মাসে সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার জাপানি ইয়েন পাবেন। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

বৃত্তির আর্থিক সুবিধা

ডিগ্রি সম্পন্ন করতে নির্ধারিত ন্যূনতম সময় পর্যন্ত মাসিক বৃত্তি দেওয়া হবে। বৃত্তির পরিমাণ—

  • এক থেকে দুই বছর মেয়াদি ডিগ্রি: মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন।
  • তিন বছর মেয়াদি ডিগ্রি: মাসে ২ লাখ ১০ হাজার ইয়েন।
  • চার থেকে পাঁচ বছর মেয়াদি ডিগ্রি: মাসে ১ লাখ ৮০ হাজার ইয়েন।

তবে এটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি নয়। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বৃত্তির অর্থ মাসিক আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়; বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও প্রাথমিক যাতায়াত ব্যয় এর আওতায় পড়ে না।

জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে ২০২৭ সালের বসন্ত বা শরৎকালীন সেশনে ভর্তি হতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের—

  • মাস্টার্স শুরু করার সময় বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে;
  • পিএইচডি শুরু করার সময় বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;
  • জাপানি ভাষায় মৌলিক কথোপকথনে সক্ষম হতে হবে;
  • সাক্ষাৎকারে জাপানি ভাষায় অংশ নিতে হবে;
  • পড়াশোনা শেষে নিজ দেশের উন্নয়নে অবদান রাখার আগ্রহ থাকতে হবে;
  • গবেষণার বিষয় ও নিজ দেশের উন্নয়নে গবেষণাটির সম্ভাব্য অবদান ব্যাখ্যা করতে হবে।

সব দেশের শিক্ষার্থী ও বিভিন্ন গবেষণাক্ষেত্রের আবেদনকারীরা এ বৃত্তির জন্য বিবেচিত হতে পারেন।

যেসব নথি লাগবে

আবেদনের সময় ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও নথি অনলাইনে জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—

১. পাসপোর্ট সাইজের ছবি।

২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও শিক্ষাগত যোগ্যতার তথ্য।

৩. গবেষণা পরিকল্পনা।

৪. সুপারিশপত্র।

৫. বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য বা গ্রহণপত্রসংক্রান্ত তথ্য।

৬. গবেষণার বিষয়ে দুই মিনিটের ভিডিও উপস্থাপনা।

আবেদনের আগে ফাউন্ডেশনের নির্দেশিকা দেখে সব নথি ও ভিডিওর নির্দিষ্ট শর্ত যাচাই করতে হবে।

আবেদন ও ফল প্রকাশের সময়সূচি

  • আবেদন শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
  • প্রাথমিক ফল: ৩১ জানুয়ারি ২০২৭
  • সাক্ষাৎকার: ৯ ফেব্রুয়ারি ২০২৭
  • চূড়ান্ত ফল: ৩১ মার্চ ২০২৭

সাক্ষাৎকার টোকিওতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে উপস্থিত হতে না পারলে ভিডিও কলের মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ থাকবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থীরা ফাউন্ডেশনের অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন।

অনলাইনে আবেদন করুন

বৃত্তির বিস্তারিত শর্ত ও নির্দেশনার জন্য হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের ওয়েবসাইট দেখুন।