এশিয়া সফরে নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেখছেন ট্রাম্প
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রাজনৈতিক ও কূটনৈতিক নানা চাপের মুখে। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের এশিয়া সফরকে নিজের আন্তর্জাতিক নেতৃত্ব ও কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন তিনি। ফিলিপাইন ও চীন সফরে একাধিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি নতুন বাণিজ্যিক চুক্তির ঘোষণার মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করবেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, আগামী বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠক ঘিরেই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্পের রাজনৈতিক অবস্থান কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিপরীতে শি চিনপিং ও পুতিন নিজ নিজ দেশে শক্তিশালী অবস্থানে রয়েছেন। ফলে তিন নেতার বৈঠকে এই রাজনৈতিক বাস্তবতার প্রভাব পড়তে পারে।
চলতি মাসের নির্বাচনে ভোটারদের কাছ থেকে ট্রাম্প যে প্রত্যাখ্যানের মুখে পড়েছেন, তা তার আন্তর্জাতিক প্রতিপক্ষদেরও নজরে এসেছে। মেয়াদের বাকি সময়ে তার রাজনৈতিক প্রভাব কতটা থাকবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
মালয়েশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং বর্তমানে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা এডগার্ড কাগ্যান মনে করেন, বিদেশ সফর মার্কিন প্রেসিডেন্টের জন্য নিজের নেতৃত্ব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তার মতে, এসব সফরের জাঁকজমক ও আনুষ্ঠানিকতা প্রেসিডেন্টকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে পারে।
তবে নির্বাচনী ধাক্কার পাশাপাশি ট্রাম্পের এশিয়া সফরে আরও কিছু জটিলতা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উচ্চক্ষমতাসম্পন্ন চিপ এবং এক কথিত চীনা গুপ্তচরের সাথে সম্পর্কিত বিতর্ক সফরের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চীনের প্রযুক্তিশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র শেনজেনে তার সফর ঘিরে বিষয়টি আলোচনায় এসেছে।
তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শি চিনপিংয়ের সাথে বৈঠকে গুপ্তচরবৃত্তির বিষয়টি তোলার পরিকল্পনা নেই ট্রাম্পের। একইভাবে চীনে উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ নিয়েও আলোচনার সম্ভাবনা কম। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এসব বিষয় নিয়ে চীনের সাথে আলোচনায় যাচ্ছে না ওয়াশিংটন।
সোমবার ফিলিপাইনের উদ্দেশে যাত্রা করার কথা ট্রাম্পের। ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন এবং চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) সম্মেলনে অংশ নেবেন তিনি। এসব সম্মেলনে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে নিজের প্রশাসনের কার্যকারিতা তুলে ধরতে চাইবেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশেষ করে কয়েক দশক ধরে ওয়াশিংটনের তুলনামূলক কম মনোযোগ পাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করাও তার সফরের অন্যতম লক্ষ্য। তবে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে ব্যস্ততার কারণে এশিয়ায় মার্কিন মনোযোগ বাড়ানো কঠিন হয়ে পড়েছে।
ট্রাম্প গত এক বছর ধরে শি চিনপিংয়ের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তির বিষয়েও আগ্রহী তার প্রশাসন। চলতি সপ্তাহে থাইল্যান্ডের সাথে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনার কথাও জানা গেছে। তবে ইরান ও ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা এখনো সফল না হওয়ায় এসব সংঘাত তার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে। যুদ্ধের প্রভাবে এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে, যা আঞ্চলিক আলোচনাতেও প্রভাব ফেলতে পারে।
মার্কিন প্রেসিডেন্টদের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের সময় বিদেশ সফর নতুন কিছু নয়। ১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক চাপের মধ্যে লাতিন আমেরিকা সফরে গিয়েছিলেন। এরপর বিভিন্ন সময়ে বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ধাক্কার পর বিদেশ সফরে অংশ নেন।
২০১৭ সালে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ট্রাম্পও ফ্রান্স সফর করেছিলেন। ফলে বর্তমান এশিয়া সফরকেও রাজনৈতিক চাপ সামাল দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ট্রাম্প, শি চিনপিং ও পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। বৈঠকটি ১৯৪৫ সালে ক্রিমিয়ার ইয়াল্টায় অনুষ্ঠিত সম্মেলনের কথাও স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার ক্ষেত্র হিসেবে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের সহযোগীরা জানিয়েছেন, বৃহস্পতিবারের সম্ভাব্য বৈঠকে ইউক্রেন যুদ্ধ আলোচনার মূল বিষয় হবে না।
এর পরিবর্তে তিন নেতার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। দেশ দুটির প্রত্যেকের কাছে আনুমানিক পাঁচ হাজার করে পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের পারমাণবিক অস্ত্রের মজুত ৬০০ ছাড়িয়েছে এবং দেশটি দ্রুত অস্ত্রাগার সম্প্রসারণ করছে।
তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে চীনের আগ্রহ এখনো স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক থেকে বড় কোনো সাফল্যের প্রত্যাশা করা হচ্ছে না। বরং এটিকে ভবিষ্যৎ আলোচনার একটি সূচনাবিন্দু হিসেবে বিবেচনা করা হচ্ছে।



