জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সন্দেহভাজন বিমান প্রবেশের পর যুদ্ধবিমান পাঠিয়েছে দেশটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ‘দৃঢ়’ প্রতিবাদ জানিয়েছে জাপান।
একই দিনে দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, রাশিয়ার সামরিক বিমান শনাক্ত হওয়ার পর তারা যুদ্ধবিমান মোতায়েন করেছে। অন্যদিকে, তাইওয়ান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রাশিয়ার সামরিক বিমান প্রবেশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল হলো রাষ্ট্রীয় আকাশসীমার বাইরের একটি নির্দিষ্ট এলাকা। নিরাপত্তার স্বার্থে এসব এলাকায় প্রবেশ করা বিদেশি বিমানের গতিবিধি নজরদারি করে সংশ্লিষ্ট দেশগুলো।
এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। চীনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের আগে এ ঘটনাগুলো ঘটল। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনোশিমা দ্বীপের কাছে রুশ বিমানগুলোর গতিপথ ছিল ‘জাপানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন’ এবং তা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
এর আগে ২০২৪ সালে এমন ঘটনা ঘটেছিল। সে সময় রাশিয়ার একটি সামরিক টহল বিমান হোক্কাইদোর রেবুন দ্বীপের কাছে জাপানি আকাশসীমায় প্রবেশ করেছিল।
তাইওয়ান জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার দুটি সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করলে দেশটির সামরিক বাহিনী যথাযথ প্রতিক্রিয়া দেখায়।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, জাপান সাগরের ওপর তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রাশিয়ার কয়েকটি সামরিক বিমান প্রবেশ করার পর যুদ্ধবিমান পাঠানো হয়। তবে বিমানগুলো দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় আকাশসীমা লঙ্ঘন না করেই এলাকা ত্যাগ করে।
পূর্ব চীন সাগরে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার নিজস্ব আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল রয়েছে। এসব অঞ্চলের কিছু অংশ একে অপরের সাথে মিলে গেছে। এসব এলাকায় প্রবেশের আগে বিদেশি সামরিক বিমানকে সংশ্লিষ্ট দেশকে আগাম জানানোর প্রত্যাশা করা হয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ নিয়ম মানা বাধ্যতামূলক নয়।
প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে কয়েক দশক ধরে জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ চলছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
গত আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিতর্কিত দ্বীপগুলোর একটিতে প্রথমবারের মতো সফর করেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এরপর গত অক্টোবরে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি সাংবাদিককে আটক করে রাশিয়া।



