৬ কোটি ডলারের মার্কিন বিমানে তাণ্ডব!

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে প্রবেশ করে প্রায় ৬ কোটি ডলার (৪ কোটি ৫০ লাখ পাউন্ড) মূল্যের একটি মার্কিন সামরিক বিমান ভাঙচুরের অভিযোগে ৪৮ বছর বয়সী এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। অভিযুক্ত ব্যক্তির নাম দাইথি ও’করেইন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ, গত ১১ এপ্রিল পরিকল্পিতভাবে শ্যানন বিমানবন্দরে রাখা মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একটি সি-১৩০ হারকিউলিস সামরিক বিমানে ভাঙচুর চালান ও’করেইন। এ ঘটনায় বিমানের গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রাংশ ও সংযোগ ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার নিউইয়র্কের আদালতে জমা দেওয়া নথিতে এফবিআইয়ের কর্মকর্তারা দাবি করেন, ঘটনাটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছিল। বিমানটি যুক্তরাষ্ট্রের একটি সামরিক মিশনে অন্য দেশে যাওয়ার পথে শ্যানন বিমানবন্দরে অবস্থান করছিল।

এফবিআইয়ের সহকারী পরিচালক জেমস বার্নাকল জুনিয়র বলেন, এটি আকস্মিক কোনো ভাঙচুরের ঘটনা ছিল না। অভিযুক্ত ব্যক্তি কয়েক মাস ধরে বিমানটি সম্পর্কে খোঁজখবর নেন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন এবং সর্বোচ্চ ক্ষতি করার প্রস্তুতি নেন।

আদালতের নথি অনুযায়ী, বিমানবন্দরে প্রবেশের পর কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চালান ও’করেইন। প্রথমে বিমানের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে স্ট্র্যাপ দিয়ে দরজাগুলো আটকে দেন এবং জানালা ঢেকে দেন, যাতে বাইরে থেকে ভেতরের কিছু দেখা না যায়।

এরপর বিমানের বিভিন্ন তার ও হাইড্রোলিক লাইন কেটে দেন। ক্ষতিগ্রস্ত করেন তরল অক্সিজেনের সংযোগ। ককপিটের সব পরিমাপক যন্ত্র ভেঙে ফেলার পাশাপাশি বাতাস চলাচলের নালিতেও ছিদ্র করেন।

অভিযোগে বলা হয়েছে, ভাঙচুরের সময় তিনি গ্যালিয়াম নামের একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করেন, যা অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ক্ষতি করতে পারে। এ ছাড়া বিমানের জ্বালানি ট্যাংকে বল বিয়ারিং ফেলে দেন এবং কুঠার দিয়ে বিমানের বাইরের অংশে ছিদ্র করেন।

পরে বিমানবন্দরের কর্মীরা তাকে ধরে ফেলেন। এ সময় তাকে বিমানের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে। পরে আইরিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ আনে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ও’করেইন অত্যন্ত পরিকল্পিতভাবে ভাঙচুর চালিয়েছিলেন। কারণ, তিনি এমন একটি সংযোগ কাটা থেকে বিরত ছিলেন, যেটি কাটলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি মার্কিন হেফাজতে নেই। তার পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা-ও জানা যায়নি। ‘লিমেরিক পোস্ট’-এর তথ্য অনুযায়ী, ও’করেইন কর্ক শহরের বাসিন্দা। তার সমর্থকেরা তাকে যুদ্ধবিরোধী কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।

শ্যানন বিমানবন্দর মার্কিন সামরিক বাহিনীর সদস্য ও সামরিক বিমানের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ কারণে সেখানে প্রায়ই যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিমানবন্দর ব্যবহার করেছিলেন।

মার্কিন কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে বিক্ষোভকারীরা কয়েকবার বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। ২০২৫ সালের মে মাসে তিন ব্যক্তি একটি ভ্যান নিয়ে বিমানবন্দরের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়েন। একই মাসের পরের দিকে আরেকটি ঘটনায় একটি মার্কিন বিমানে রং ছিটিয়ে দেওয়া হয়। এতে বিমানটি সাময়িকভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।