ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ শঙ্কা, ওডিশায় স্কুল-কলেজ বন্ধ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কায় ভারতের ওডিশায় জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় এটি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ওডিশার জরুরি উদ্ধারকারী দলগুলোকে সতর্ক রাখা হয়েছে। জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেটসহ গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে তাঁদের দ্রুত নিজ নিজ সদর দপ্তরে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জনসুরক্ষা, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া এবং জরুরি সাড়াদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি হতাহতের সংখ্যা শূন্যে রাখার সরকারি লক্ষ্যের কথাও পুনর্ব্যক্ত করেছেন।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরি, কারাইকাল ও তামিলনাড়ুর সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সম্ভাব্য আঘাত হানার এলাকা ওডিশার গোপালপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে হলেও রাজ্যটির দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, তামিলনাড়ুর নয়টি বন্দরে ঘূর্ণিঝড় সতর্কসংকেত জারি করা হয়েছে। জেলেদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা জেলেদেরও দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।



