ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩, আহত ১৪
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বেলগোরোদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার শুভায়েভ জানান, রাতভর চালানো হামলায় ওই অঞ্চলের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে অন্তত ৩০টি বহুতল ভবন, ৩৫টি গাড়ি, চারটি বাড়ি, তিনটি প্রশাসনিক ভবন, আটটি বাণিজ্যিক স্থাপনা ও তিনটি সামাজিক সেবাকেন্দ্র।
এদিকে কৃষ্ণসাগর উপকূলের বন্দরনগরী চর্নোমোরস্কের দিকে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জাহাজটি ইউক্রেনের সেনাবাহিনীর জন্য সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হচ্ছিল।
এ ছাড়া ইউক্রেনের খারকিভ শহরে একটি সরবরাহ ব্যবস্থাপনা কেন্দ্র, একটি বিতরণকেন্দ্র ও একটি সরবরাহ টার্মিনালে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোন হামলা উভয় পক্ষের সামরিক অভিযান ও বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির অন্যতম কারণ হয়ে উঠেছে।



