সাংবাদিকদের দক্ষতা বাড়াতে এআই ও ডেটা জার্নালিজমের বিশেষ প্রশিক্ষণ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা জার্নালিজম, স্যাটেলাইট ইমেজ এবং ডিজিটাল অনুসন্ধানের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে মাস্টারক্লাস ভিডিও সংগ্রহ প্রকাশ করেছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন)।
জিআইজেএনের গ্লোবাল একাডেমি চলতি বছরের মার্চ থেকে প্রতি সপ্তাহে এসব মাস্টারক্লাস ভিডিও সংগ্রহ ও প্রকাশ করছে। এসব ভিডিওতে সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ সাংবাদিক ও বিশেষজ্ঞরা সরাসরি সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় কৌশল, পরামর্শ ও ব্যবহারিক নির্দেশনা তুলে ধরছেন।
এআই ও সাংবাদিকতা নিয়ে প্রকাশিত ভিডিওগুলোতে সরকারি কাজে এআই ব্যবহারের অনুসন্ধান, সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ এআই-সংক্রান্ত প্রচলিত ধারণা বিশ্লেষণ, উদ্ভাবনী সাংবাদিকতায় এআই ব্যবহারের কৌশল এবং এআই দিয়ে তৈরি বা বিকৃত ছবি শনাক্ত ও তদন্তের বিষয়ে আলোচনা করা হয়েছে।
এ ছাড়া সাংবাদিকতায় এআইয়ের পরিবর্তিত ও ক্রমবর্ধমান ভূমিকা নিয়েও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।
ডেটা জার্নালিজম বিষয়ক মাস্টারক্লাসে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে অনুসন্ধান, ডেটা সাংবাদিকতার মৌলিক ধারণা এবং অনুসন্ধানী সাংবাদিকতায় স্প্রেডশিট ব্যবহারের কৌশল তুলে ধরা হয়েছে।
জিআইজেএন জানিয়েছে, অনুসন্ধানী সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ও নতুন নতুন অনুসন্ধানী কৌশল সম্পর্কে দক্ষ করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিস্তারিত মাস্টারক্লাস ভিডিও ও প্রশিক্ষণসামগ্রী পাওয়া যাবে GIJN Global Academy-এ।



