হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, লগইন করতে পারছেন না ব্যবহারকারীরা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে।  আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এই কারিগরি ত্রুটি দেখা দেয়, যার ফলে তাৎক্ষণিকভাবে কোটি কোটি ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহারে বাধার সম্মুখীন হচ্ছেন।

মোবাইল অ্যাপ এবং কম্পিউটার—উভয় মাধ্যম থেকেই একসঙ্গে ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।  প্ল্যাটফর্মটিতে প্রবেশের চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ (দুঃখিত, কোনো কিছু ভুল হয়েছে) লেখা বার্তা প্রদর্শিত হচ্ছে।

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, মেটার মালিকানাধীন কেবল ফেসবুকই নয়, একই সাথে তাদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘ফেসবুক মেসেঞ্জার’ এবং ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ইনস্টাগ্রাম’-এও একই ধরনের সমস্যা দেখা গেছে।

বিভ্রাটের কারণে অসংখ্য ব্যবহারকারী তাঁদের অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছেন এবং নতুন করে লগইনের চেষ্টা করলেও তাদের সামনে ‘This page isn’t available right now’ (এই পেজটি বর্তমানে উপলব্ধ নয়) বার্তাটি চলে আসছে।  ইনস্টাগ্রামের ক্ষেত্রে ফিড বা পেজ লোড হচ্ছে না এবং মেসেঞ্জারেও কোনো বার্তা আদান-প্রদান করা যাচ্ছে না।

মেটার এই আকস্মিক বৈশ্বিক বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এও শোরগোল শুরু হয়েছে।  বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জন কোপল্যান্ড তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমার মতো আর কারও কি ফেসবুক মেসেঞ্জার থেকে লগআউট হয়ে যাওয়ার পর নতুন করে লগইন করতে সমস্যা হচ্ছে? এটি একটি অজানা ত্রুটি।”

হঠাৎ কেন এই কারিগরি বিপর্যয় ঘটল এবং কখন নাগাদ মেটার এই জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো আবার সম্পূর্ণ সচল হবে, সে বিষয়ে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সময়সূচি জানানো হয়নি।