ক্যান্সার টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
ব্যক্তিভিত্তিক এমআরএনএ (mRNA) ক্যান্সার টিকার তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। গবেষণার ফল অনুযায়ী, ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে টিকাটি প্রয়োগে রোগীদের ক্যান্সার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমেছে।
নিউজ ডটকম ডট এইউর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনটিসমেরান (intismeran) নামের এই থেরাপিউটিক ক্যান্সার টিকা পেমব্রোলিজুমাব (pembrolizumab) নামের ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে প্রয়োগ করা হয়। চলতি সপ্তাহান্তে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ESMO) বার্ষিক সম্মেলনে গবেষণার বিস্তারিত ফল প্রকাশ করার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসার দুই বছর পর টিকা ও ওষুধের সমন্বিত চিকিৎসা নেওয়া ৮২ শতাংশ রোগীর ক্যান্সারমুক্ত সময়কাল বজায় ছিল। অর্থাৎ, এ সময়ের মধ্যে তাঁদের ক্যান্সার ফিরে আসেনি।
এ ছাড়া দুই বছরে এসব রোগীর শরীরের দূরবর্তী স্থানে ক্যান্সার ছড়িয়ে না পড়ার হার ছিল ৮৮ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, প্রায় ১০ জনে ৯ জনের ক্ষেত্রে এ সময়ে ক্যান্সার দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়েনি।
গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেন, ‘এটি যেন প্রথমবারের মতো উড়োজাহাজের উড্ডয়ন। এর প্রভাব হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ—শুধু মেলানোমায় আক্রান্ত রোগীদের জন্য নয়, সম্ভাব্যভাবে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই।’
তবে টিকাটির কার্যকারিতা ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল এবং পরবর্তী পর্যায়ের তথ্য গুরুত্বপূর্ণ হবে।



