দুবাইয়ে কোরআন তেলাওয়াতের বিশ্ব আসর, পুরস্কার ১০ লাখ ডলার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৬। কোরআন হিফজ ও সুন্দর তেলাওয়াতের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার এবারের আসরে সেরা তেলাওয়াতকারীর জন্য রয়েছে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলারের পুরস্কার। সব মিলিয়ে এবারের প্রতিযোগিতায় পুরস্কারের মোট মূল্য ১ কোটি ২০ লাখ দিরহামেরও বেশি

প্রতিযোগিতাটির ২৮তম আসরে এবারই প্রথম নারী প্রতিযোগীদের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে। পুরুষ ও নারী—উভয় বিভাগে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগী পাবেন ১০ লাখ ডলার করে।

এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার ডলার পুরস্কার। পাশাপাশি ‘গ্লোবাল কোরআনিক পার্সোনালিটি’ হিসেবে নির্বাচিত একজন বিশিষ্ট ব্যক্তিকেও দেওয়া হবে ১০ লাখ ডলারের পুরস্কার।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১০৫টি দেশ থেকে ৫ হাজার ৬১৮ জন কোরআন তেলাওয়াতকারী আবেদন করেছেন। আবেদনকারীদের প্রায় ৩০ শতাংশ নারী। মিসর থেকে সর্বাধিক ৬ হাজার ৮৩৮টি আবেদন এসেছে বলে জানানো হয়েছে।

প্রতিযোগীদের কোরআন তেলাওয়াতের তাজবিদ, কণ্ঠের সৌন্দর্য, তেলাওয়াতের মান ও সামগ্রিক পরিবেশনার দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে।

তারাবিতে ইমামতির সুযোগ

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে নির্বাচিত সেরা প্রতিযোগীদের দুবাইয়ে এনে বিভিন্ন মসজিদে তারাবির নামাজে ইমামতির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এরপর সাধারণ মানুষের ভোটের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত নির্বাচন করা হবে। ফলে প্রতিযোগিতাটি শুধু পুরস্কারকেন্দ্রিক না হয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোরআন তেলাওয়াতের সৌন্দর্য ও দক্ষতা তুলে ধরার একটি বড় আয়োজন হিসেবেও গুরুত্ব পাচ্ছে।