বাংলাদেশিদের ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস হাইকমিশনারের
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য অংশ নেন।
সাক্ষাৎকালে ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের বিভিন্ন ভোগান্তির বিষয়টি তুলে ধরেন ইমক্যাবের প্রতিনিধিরা। জবাবে হাইকমিশনার বলেন, ভিসা পেতে ভোগান্তির বিষয়টি খতিয়ে দেখছে ভারতীয় হাইকমিশন।
বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় বা স্লট পেতে দেরি হওয়ার কারণ খুঁজে দেখছে ভারতীয় হাইকমিশন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত যত বাড়বে, পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্কও তত গভীর হবে।
সাক্ষাৎকালে হাইকমিশনার ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবর নেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকে উপস্থিত ছিলেন।



