সাজেকে ফের পর্যটকদের আনাগোনা, ভ্রমণে নেই বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে আবারও পর্যটকদের ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে সাজেকের সব পর্যটনকেন্দ্র। দুর্গাপূজা উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাঙামাটি জেলা প্রশাসন।
গত ১৫ অক্টোবর রাতে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ রাখার আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর এক গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। একইসাথে পর্যটকদের মঙ্গলবার বিকেলের মধ্যে সাজেক ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্যালি সড়কে নির্ধারিত অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। এর কয়েক ঘণ্টা পরই পর্যটনকেন্দ্রটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী জানান, সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত রয়েছে।



