পূজার ছুটিতে পর্যটকের ঢল সিলেটে, ৫০ কোটি টাকার ব্যবসার আশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো। পাহাড়, নদী, ঝরনা আর সবুজ চা-বাগানের টানে এরই মধ্যে সিলেটে আসতে শুরু করেছেন ভ্রমণপিপাসুরা। টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের প্রত্যাশা, এ সময়ে সিলেটের পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা হতে পারে।
সরকারি ছুটি আগামী মঙ্গলবার থেকে শুরু হলেও রোববারই সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় দেখা গেছে। জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জের সাদাপাথর, রাতারগুল ও লালাখাল ছাড়াও সিলেট নগরীর বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে ঘুরতে দেখা গেছে দর্শনার্থীদের।
পূজার ছুটিতে পর্যটকদের বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছেন হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জেলার প্রায় ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্টের অধিকাংশ কক্ষ ইতিমধ্যে আগাম বুকিং হয়ে গেছে।
হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক মিষ্ঠু দত্ত বলেন, পূজার ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে সিলেটের হোটেল-মোটেলগুলো প্রস্তুত রয়েছে। জেলার ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্টের বেশির ভাগ কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, পর্যটকদের আগমন বাড়লে ব্যবসায়ীদের আয় বাড়ার পাশাপাশি জেলার অর্থনীতিও চাঙা হবে। পূজার টানা পাঁচ দিনের ছুটিতে সিলেটের পর্যটন খাতে অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে তাঁদের প্রত্যাশা। এটি ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব।
এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়ক পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সব মিলিয়ে দুর্গাপূজার ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে বাড়তি ভিড়ের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের আগমন বাড়লে আবাসন, পরিবহন, খাবার ও অন্যান্য সেবার চাহিদা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।



