পূজার ছুটিতে ঘুরে আসুন তেঁতুলিয়া, এক ভ্রমণেই চা-বাগান থেকে কাঞ্চনজঙ্ঘা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে ভ্রমণের তালিকায় রাখতে পারেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। বিস্তীর্ণ সবুজ চা-বাগান, নদী, ঐতিহাসিক স্থাপনা, সীমান্তের অপরূপ দৃশ্য আর আকাশ পরিষ্কার থাকলে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ—সব মিলিয়ে ছুটির সময় কাটানোর জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে এই জনপদ।

ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘদিন সীমান্তঘেরা এলাকা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে পর্যটনকেন্দ্র হিসেবেও পরিচিতি বাড়ছে তেঁতুলিয়ার। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান।

কীভাবে যাবেন

ঢাকা থেকে সরাসরি ট্রেনে পঞ্চগড় যাওয়া যায়। পঞ্চগড় সদর থেকে বাসে সহজেই পৌঁছানো যায় তেঁতুলিয়ায়। এ ছাড়া ঢাকা থেকে পঞ্চগড় কিংবা সরাসরি তেঁতুলিয়াগামী দূরপাল্লার বাসেও যাতায়াতের সুযোগ রয়েছে।

কোথায় থাকবেন

পর্যটকদের থাকার জন্য তেঁতুলিয়ায় রয়েছে বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সরকারি আবাসন সুবিধা। থাকতে পারেন তেঁতুলিয়া জেলা পরিষদের ডাকবাংলো কিংবা বন বিভাগের রেস্ট হাউসে। বেসরকারি আবাসনের মধ্যে গ্রিন টি ভ্যালি, মেঘকুঞ্জ ও কাঠের বাড়ি উল্লেখযোগ্য। এ ছাড়া ইএসডিও, স্কয়ারসহ বিভিন্ন আবাসিক হোটেলেও থাকার ব্যবস্থা রয়েছে। ছুটির সময়ে যাওয়ার আগে কক্ষের প্রাপ্যতা ও ভাড়া জেনে বুকিং করে নেওয়া ভালো।

যেসব জায়গা ঘুরে দেখতে পারেন

তেঁতুলিয়ার অন্যতম আকর্ষণ সমতল ভূমিতে বিস্তৃত সবুজ চা-বাগান। এখানকার বাংলাবান্ধা স্থলবন্দরসংলগ্ন জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে তেঁতুলিয়া থেকে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্যও চোখে পড়তে পারে।

এ ছাড়া ঘুরে দেখতে পারেন মহারাজার দিঘি, ঐতিহ্যবাহী গোলকধাম মন্দির, পৃথু রাজার দিঘি, রকস মিউজিয়াম ও মির্জাপুর শাহী মসজিদ। শিশুদের নিয়ে গেলে তেঁতুলিয়া পুরাতন বাজার এলাকার পার্ক ও বিনোদনব্যবস্থাও ঘুরে দেখতে পারেন। বাংলাবান্ধা জিরো পয়েন্টের উঁচু পতাকা স্তম্ভও দর্শনার্থীদের আকর্ষণ করে।

পর্যটকদের নিরাপত্তা

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পঞ্চগড় অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক আব্দুল আজিজ জানান, জনবল কম থাকলেও থানা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তায় কাজ করা হচ্ছে।

প্রকৃতির সান্নিধ্যে কয়েকটি দিন কাটাতে চাইলে পূজার ছুটিতে তেঁতুলিয়া হতে পারে আপনার ভ্রমণের পছন্দের গন্তব্য। তবে ভ্রমণের আগে আবহাওয়া, যাতায়াতের সময়সূচি ও আবাসনের ব্যবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে পরিকল্পনা করাই ভালো।