পাঠ্যবই বিতর্ক

দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নৌকা ও দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের কয়েকটি কবিতার সাথে নৌকার ছবি যুক্ত করা হয়েছে। অন্যদিকে ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে ‘জ্ঞানের পিরামিড’-এ ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারে প্রশ্ন উঠেছে। বিতর্কের মুখে সরবরাহ করা আইসিটি বই ফিরিয়ে নিয়ে সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিবর্তন করে নতুন পৃষ্ঠা যুক্ত করার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ‘আমাদের গ্রাম’, ‘আজিকার শিশু’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’ কবিতার মতো পাঠে নৌকার ছবি রাখা হয়েছে। এনসিটিবির দাবি, নদীমাতৃক বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরতেই এসব ছবি ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘নলেজ পিরামিড’ বা জ্ঞানের পিরামিডে ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

এনসিটিবি জানিয়েছে, ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের মোট ৩৮ লাখ কপির মধ্যে ১৮ লাখ স্কুল পর্যায়ে সরবরাহ করা হয়েছে। বাকি ২০ লাখ কপি ছাপার কাজ চলছে। ইতিমধ্যে সরবরাহ করা বই ফিরিয়ে এনে সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিবর্তন করে নতুন পৃষ্ঠা যুক্ত করা হবে।

এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. মো. ইকবাল হায়দার কালের কণ্ঠকে বলেন, বইয়ের বিষয়বস্তুর সাথে মিল রেখে শিল্পীরা ছবিগুলো এঁকেছেন। বিষয়বস্তুর লেখা পরিবর্তন না হলে ছবি পরিবর্তন করা কঠিন।

তবে ২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানান তিনি। তখন এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।