সাইবার হামলার চিহ্ন, সচল হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে একাধিক হামলার চিহ্ন পাওয়া গেছে। এ কারণে রোববার দুপুর দেড়টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা বলছেন, নিরাপত্তাসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কাজ চলছে।

রোববার দুপুর দেড়টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে সেটি অচল দেখা যায়। সেখানে ‘সিস্টেম রক্ষণাবেক্ষণ’ বার্তা দেখানো হয়। বার্তায় বলা হয়, ওয়েবসাইটের কার্যক্রম বর্তমানে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং শিগগিরই এটি চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি।

ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, ওয়েবসাইটে দুটি হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো শনাক্ত ও সমাধান করতে সময় লাগছে। আজকের মধ্যেই ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

এদিকে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও রোববার সকালে পুনরায় চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটটি বন্ধ ছিল। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

গত ২১ অক্টোবর প্রকাশিত এক যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।