কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভূমিকা রাখার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

একই সঙ্গে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের আরো সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন আইজিপি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লাইনসে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের পাশাপাশি ক্যাডেট ও স্কুল-কলেজের স্কাউটদেরও ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা জরুরি বলেও উল্লেখ করেন আইজিপি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে থানায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান। তিনি অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম ও খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় খুলনার অফিসার্স মেস ‘সঞ্চিতা’য় আইজিপিকে গার্ড অব অনার দেওয়া হয়।